ময়লা-আবর্জনা পরিষ্কার
নারায়ণগঞ্জের বন্দর থানার প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে এলাকায় প্রশংসার জোয়ারে ভাসছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। কেবল নির্দেশনা বা বিজ্ঞপ্তিতে সীমাবদ্ধ না থেকে নিজের অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে নেমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ ও দায়িত্বশীলতায় স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি ‘মানবিক পুলিশ’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বন্দর উপজেলার নাসিক ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় অবস্থিত বন্দর থানার প্রধান ফটক সংলগ্ন স্থানে অসচেতন কিছু মানুষ নিয়মিত গৃহস্থালি ও নানা ধরনের বর্জ্য ফেলে যাচ্ছিলেন। এতে একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি দাপ্তরিক পরিবেশ ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ ছিল।
পরিস্থিতি অনুধাবন করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেন ওসি জামাল উদ্দিন। নিজ উদ্যোগে সহকর্মীদের নিয়ে মাঠে নেমে ময়লা-আবর্জনা সরিয়ে থানার সামনের এলাকা পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী করে তোলেন তিনি।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, "বিষয়টি আমার নজরে আসার পর আমরা নিজেরাই অফিসার ও সদস্যদের নিয়ে পরিচ্ছন্নতার কাজ করেছি। পাশাপাশি জনসাধারণকে এ বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এখানে সতর্কতামূলক বিজ্ঞপ্তি লিখে টানিয়ে দেব, যাতে কেউ এখানে ময়লা-আবর্জনা না ফেলে।"
ওসি জামাল উদ্দিনের এমন আন্তরিক ও উদ্যোগী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, একটি থানার প্রধান ফটক পরিষ্কার করতে ওসির সশরীরে নেমে আসা প্রশাসনের ইতিবাচক মানসিকতার পরিচয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে সংগ্রহের ব্যবস্থা এবং সিটি কর্পোরেশন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ থাকলে এলাকা আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত থাকবে বলে মনে করছেন তাঁরা।

