ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাদ্রাসার বিভিন্ন মালামালসহ অন্তত ১০টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসর ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৭ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় মাদ্রাসায়ে নুরে মদীনায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে রূপগঞ্জে তারাবো পৌরসভার বরপা এলাকায় মাদ্রাসায়ে নুরে মদীনা মাদ্রাসার নূরানী বিভাগের বন্ধ কক্ষে হঠাৎ আগুন লাগে। এর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এ সময় মাদ্রাসার বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে চলে যায়।
সংবাদ পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মাদ্রাসার লাইব্রেরিসহ অন্তত ১০টি কক্ষ, বিভিন্ন কক্ষের বই, টেবিল, চেয়ার, ফ্যান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ।
ফায়ার সার্ভিস আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

