শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদক ও জুয়ার ভয়াল থাবায় একের পর এক প্রাণহানির ঘটনায় সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। "চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শেখকান্দি এলাকায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান, গত মাত্র দুই বছরে অতিরিক্ত মাদক সেবনের কারণে শেখকান্দি এলাকার মানুল, ইমান, ওমর, মানিক ও ইয়াকুব নামে পাঁচজন উদীয়মান যুবক অকালে প্রাণ হারিয়েছেন। এই মৃত্যু মিছিল থামাতে এবং নতুন প্রজন্মকে রক্ষা করতে এখন রাজপথে নেমেছে সাধারণ মানুষ।

স্থানীয়রা অভিযোগ করেন, জাকারিয়ার ছেলে তাওলাদ, জজ মিয়া ডাকাতের ছেলে ফজলে করিম, তার স্ত্রী জবেদা এবং মৃত মান্নানের ছেলে ইসরাফিল এলাকায় মাদক ও জুয়ার কারবার পরিচালনা করছে। তাদের কারণে গ্রামটি এখন ধ্বংসের মুখে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এলাকাবাসী এখন একাট্টা।

মানববন্ধনে বক্তব্য রাখেন—মোঃ কামরুল হাসান বাবুল,মজিবুর রহমান,সাবেক মেম্বার নেহাল উদ্দীন,মোঃ বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, "আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। মাদক কারবারিরা আমাদের সন্তানদের খুনি। প্রশাসনকে অবিলম্বে এই মাদক চক্রের হোতাদের গ্রেফতার করতে হবে, অন্যথায় আমরা আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব।"

এ সময় সানাউল্লাহ প্রধান, ইয়ামিন রহমান শিশির,আরমান ভুইয়া, মোঃ আইব, মোঃ আপেল, সজল, জুলহাস, মোঃ আরিফ, নূরে আলম, মোঃ তারেক ও মোবারক হোসেনসহ স্থানীয় কয়েকশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।