শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় প্রায়ই ঘটছে চুরি ডাকাতি খুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় প্রায়ই ঘটছে চুরি ডাকাতি খুন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এখানে প্রায়ই ঘটছে চুরি, ডাকাতি, ছিনতাই চাঁদাবাজি ও হত্যার ঘটনা। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

জানা যায়, বক্তবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবীনগর এলাকায় রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কে একজনকে আরেকজন ছুরি হাতে ধাওয়া করে। শুক্রবারের লোমহর্ষক এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ফতুল্লায় সমালোচনার ঝড় উঠেছে। 

দুদিন আগে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় আমেরিকা প্রবাসী বাবুলের বাড়িতে দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গৃহবধূর মুখে কাপড় ঢুকিয়ে হাত-পা বেঁধে সর্বস্ব লুটে নেয় ডাকাতদল। এ ঘটনার পর ডাকাতদের পালিয়ে যাওয়ার দৃশ্য সিসি টিভি থেকে নেওয়া ভিডিও ঘুড়ে বেড়াচ্ছে সামাজিক যোগযোগমাধ্যমে। 

২১ ফেব্রুয়ারি ফতুল্লার পঞ্চবটি মোড়ে ফুটপাতের চাঁদাবাজি নিয়ে এনসিপির ইয়াসিন আরাফাত ও আলিফ নামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ মামলা নিলেও কোনো ব্যবস্থা নেয়নি। এতে পঞ্চবটি মোড়ের ফুটপাতের অন্তত দুই শতাধিক হকারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক পাগলা থেকে জামতলা পর্যন্ত রাতের বেলায় ছিনতাইকারীদের দখলে থাকে। পুলিশ টহল দিলেও তার মধ্যেই সুযোগ বুজে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনা দুটি সড়কে নিয়মিত ঘটছে। এতে পুলিশের জোরালো কোনো তৎপরতা নেই। ফতুল্লার পাগলা এলাকার কাপড় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, মেরিএন্ডারসনের বাইরের দেওয়াল ঘেঁষে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে একটি আধাপাকা ঘর। এ ঘরে রোজার শুরুতেই অন্তত ১০-১৫ জন নারী দিয়ে গানের নামে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে মাদকাসক্ত যুবক ও কিশোরদের আড্ডা চলে। এলাকাবাসীর অভিযোগ-প্রতিরাতেই এ ঘরে প্রবেশ করে পুলিশ মাসোহারা নিয়ে যায়। বিষয়টি একাধিকবার থানার ওসিকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ২৩ ফেব্রুয়ারি রাতে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার দুই ঘণ্টা পর মাসদাইর এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ২০ জনের নামে মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। 

এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লার প্রতিটি পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। কিশোরদের হাতে এখন মাদক ব্যবসার নিয়ন্ত্রণ রয়েছে। তাদের দিয়েই চলে মাদক ক্রয়-বিক্রয়। এতে সবচেয়ে বেশি মাদকাসক্ত এখন কিশোররাই। মাদকের টাকার জন্য বাসাবাড়িতে চুরি করছে কিশোররা। ঈদুল ফিতরকে কেন্দ্র করে অপরাধীদের তৎপরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে। যেখানেই ঘটনা ঘটছে সেখানেই পুলিশের তৎপরতা বাড়ানো হচ্ছে।