মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অগ্রণী ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৬, ৯ মার্চ ২০২৬

আড়াইহাজারে অগ্রণী ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অগ্রণী ব্যাংকের একটি শাখায় সার্ভার সমস্যার কারণে লেনদেন বন্ধ আছে।

সোমবার (৯ মার্চ) সকাল থেকে সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। এতে সকাল থেকে ব্যাংকে আসা শত শত গ্রাহক সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সোমবার দুপুর পর্যন্ত ব্যাংকটিতে গিয়ে দেখা যায়, লেনদেন শুরু হবে এই আশায় অনেক গ্রাহক লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তবে সার্ভার সমস্যার কারণে কর্তৃপক্ষ কোনো ধরনের লেনদেন শুরু করতে পারছে না।
টাকা তুলতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। 

স্কুল শিক্ষক রুহুল আমিন বকুল বলেন, সকাল ১১টার দিকে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে এসেছিলেন। চার ঘণ্টা অপেক্ষা করেও টাকা তুলতে পারেননি। সামনে ঈদ হওয়ায় টাকা না পেলে পরিবারের জন্য কেনাকাটা করা কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।

রোকনউদ্দিন মোল্লা গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্টাফ দেলোয়ার হোসেন বলেন, প্রায় পাঁচ ঘণ্টা বসে থেকেও টাকা তুলতে পারেননি। বাধ্য হয়ে সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে আড়াইহাজার শাখার ব্যবস্থাপক মো. সাহাজুল হক বলেন, শুধু আড়াইহাজার শাখায় নয়, সারাদেশেই সার্ভার সমস্যার কারণে লেনদেন ব্যাহত হচ্ছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সার্ভার স্বাভাবিক হলে আবার লেনদেন শুরু করা হবে।