ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আমিন স্কয়ার বিডি নামক প্রতিষ্ঠানের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, র্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানান অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৯ মার্চ) ফতুল্লার নয়ামাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায় কারখানাটিতে বিএসটিআই লাইসেন্স ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই সেমাই, আর্টিফিশিয়াল ড্রিংক, এডিবল জেলসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছে বলে দেখা যায়। এছাড়া পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করার সময় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার না করে শ্রমিকদের কাজ করতে দেখা যায়।
এ সময় আরও দেখা যায়, খাদ্যপণ্য অস্বাস্থ্যকর অবস্থায় মেঝেতে সংরক্ষণ করা হচ্ছে, পোড়া তেল ব্যবহার করা হচ্ছে এবং মেয়াদোত্তীর্ণ পণ্যও কারখানায় মজুত রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, আমিন স্কয়ার বিডিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। ভবিষ্যতের জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, র্যাব-১১ নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজাহান হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

