ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারী জাকিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে মাসদাইর বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১ জুলাই (মঙ্গলবার) রাতে নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী মোতালেব হোসেন। পরে হত্যাকারীরা তার মরদেহ তোশকে মুড়িয়ে জামতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকেই পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
বিক্ষোভ সমাবেশে নিহতের মেয়ে আশা আক্তার কান্নাজড়িত কণ্ঠে তার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া মাসদাইর বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেন ও মো. রবিউলসহ স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রধান অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।
এদিকে কর্মসূচি চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফতুল্লা আদালত চত্বর ও এর আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

