বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিদ্যুৎ বিলের অসংগতিতে ধরা পড়ল ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১০, ১৪ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ বিলের অসংগতিতে ধরা পড়ল ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকার রাজস্ব ফাঁকি উদ্‌ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, কাগজে-কলমে পণ্য রপ্তানির তথ্য দেখানো হলেও বিদ্যুৎ বিল পর্যালোচনায় কারখানাটির উৎপাদনে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার ইউএজিএম বিডি লিমিটেডে অভিযান চালায়।

এটি একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় পিভিসি ফ্লেক্স, পিভিসি ফিল্ম, পিইটি ফিল্ম, কৃত্রিম চামড়া, ডুপ্লেক্স বোর্ড ও কালার বোর্ডসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্ত আমদানি করত। এসব কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের (এলসি) মাধ্যমে রপ্তানি করা হয়েছে বলে দেখানো হতো।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে দেখা যায়, কারখানাটিতে যে পরিমাণ পণ্য উৎপাদনের কথা বলা হয়েছে, তার সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের হিসাব মিলছে না। ঘোষিত উৎপাদনের তুলনায় বিদ্যুৎ খরচ ছিল অনেক কম। কারখানায় বিকল্প বিদ্যুৎ সংযোগ, সৌরবিদ্যুৎ বা গ্যাসচালিত উৎপাদনব্যবস্থারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এনবিআর জানায়, কারখানায় উৎপাদনের কাজে ব্যবহারের জন্য রাখা যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখানে নিয়মিত উৎপাদন উপযোগী ব্যবস্থা ছিল না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি বন্ড কমিশনারেট থেকে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নিয়ে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে পণ্য রপ্তানি করেছে বলে দেখিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে।

আমদানি, উৎপাদন সক্ষমতা, বিদ্যুৎ ব্যবহার ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে রাজস্ব ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা প্রতিবেদন চূড়ান্ত করেছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।