ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জরিমানার মধ্যে ফনকুলের মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং ফুলহরের মেসার্স এএইচবি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা, বন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন।

