মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আপনাদের কোন সমস্যা হলে আমাদের কাছে আসবেন তারপরেও রাস্তা এভাবে বন্ধ করবেন না। এই রাস্তার উপর হাজারও কারখানা নির্ভরশীল। লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হয় এর মাধ্যমে। এখানে হাজারও মানুষ প্রতিদিন যাতায়াত করে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় বি ব্রাদার্স গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। এর আগে সকালে বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক ছাটাইয়ের ঘটনায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। দুপুরে শ্রমিকরা এমপি দিপুর কথায় সড়ক ছেড়ে তাকে সমর্থন জানিয়ে কাজে ফিরে।
আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশ্যে দিপু ভূঁইয়া বলেন, আমি কথা বলে এসেছি। আগামীকালকের মধ্যে ডাইং সেকশনের টাকাটা দিয়ে দিবে। আর গত মাসের বেতন ও বোনাসের টাকা বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে দিয়ে দিবে।
তিনি আরও বলেন, আপনারা যারা এখানে আছেন। আপনাদের যেন ছাটাই করা না হয় এটা আমি বলে এসেছি। যদি আপনাদের ছাঁটাই করতে চায় আপনারা যেকোন সময় আমাদের সাথে যোগাযোগ করবেন।
তিনি বলেন, প্রয়োজন হলে প্রশাসনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা থাকবে। আপনাদের সাথে যেন কেউ খারাপ ব্যাবহার না করে সেটা আমরা নিশ্চিত করবো।

