মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে দলটির আমীর মুফতি রেজাউল করিম বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন।
সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর কালিরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যারা স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে চান, তাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি বা আদর্শের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই আল্লাহর ইচ্ছায় সংঘটিত হচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, একই ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি। তার দাবি, ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল, তা এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে।
তিনি আরও দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি দ্বীন ইসলাম, সহ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদকে এবং নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে মোঃ আব্দুর রশিদ, সহ সভাপতি ফারুক আহমেদ মুনশি ও সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করেন।

