ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব ১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান।
সোমবার (২০ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল রাত সাড়ে ৮টার দিকে বন্দরের মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ডাকঘরের পূর্ব ডুমখালী এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে মো. রুবেল (৩০), একই এলাকার তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), কক্সবাজার জেলার ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে নুরুল ইসলাম (২১) এবং একই এলাকার তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

