ফাইল ছবি
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। অন্যদিকে পাল্টা কর্মসূচি নিয়ে নিয়মিত রাজপথে না থাকলেও বিএনপির এসব কর্মসূচির পাল্টা প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় সরব হয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
এ নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপি ও এনসিপির মধ্যে প্রকাশ্য রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হচ্ছে। এক পক্ষ রাজপথে মিছিল-সমাবেশ করছে, অন্য পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচি নিয়ে নানা মন্তব্য ও প্রশ্ন তুলছে।
সোমবার (৩ আগস্ট) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে শহরের খানপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে আয়োজিত ওই মিছিলে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ‘পাটোয়ারী ভুয়া’, ‘এনসিপি ভুয়া’সহ নানা স্লোগান শোনা যায়।
মিছিলটির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। খানপুর থেকে শুরু হওয়া মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। বিএনপির পক্ষ থেকে মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
তবে বিএনপির মিছিলের উপস্থিতি, স্লোগান এবং কর্মসূচির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছে এনসিপি।
নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী বিএনপির মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, দেশের মানুষের নাভিশ্বাস উঠতেসে, গ্যাস বিদ্যুৎ পানি নিয়ে হাহাকার। এদিকে নারায়ণগঞ্জ ০৫ আসনের এমপি পুত্র বিশাল মিছিল নামাইসে এনসিপির বিরুদ্ধে!
মিছিলের স্লোগান নিয়েও কটাক্ষ করেন শওকত আলী। তিনি লেখেন, এনসিপির চামড়া নাকি তুলে নেবে! একটা কইরা এনসিপি ধইরা নাকি জবাই করবে। আজকে অবশ্য মিছিলে মানুষ বেশী হইসে। গত দুইদিন ১০/১৫ জনের মিছিল দেখে ঠিক জমতেসিল না। আজকের বড় মিছিল দেখে মজা পাইসি!
এনসিপির আরেক নেতা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা নিরব রায়হান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমার তো মনে হচ্ছে তারেক রহমান সাহেবের নির্দেশ ছিলো এনসিপির বিরুদ্ধে মিছিল নামাতেই হবে। মিছিলে বলা হচ্ছে—এনসিপিকে জবাই করবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে গত দুই দিনের কর্মসূচি ব্যর্থ হওয়ার পর সোমবার আবারও বড় মিছিলের মাধ্যমে কর্মসূচি সফল করার চেষ্টা করা হয়েছে। এদিকে পানি, বিদ্যুৎ আর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ, সবজির বাজারের ঊর্ধ্বগতি নিয়ে জনগণ অতিষ্ঠ। সেদিকে নেই সরকারের নজরদারি! এটাই কি তবে পিএমের নতুন রাজনীতি? এটাই কি প্ল্যান?
এদিকে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি বক্তব্যের পাশাপাশি নারায়ণগঞ্জের রাজপথেও রাজনৈতিক কর্মসূচি বাড়ছে। বিএনপি ধারাবাহিকভাবে মিছিল-সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। বিপরীতে এনসিপি নেতারা এসব কর্মসূচির প্রতিক্রিয়া দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

