বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। মিছিলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে পাটোয়ারীর বিভিন্ন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
সোমবার (৩ আগস্ট) বিকেলে শহরের খানপুর এলাকা থেকে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাসাউর আশা।
মিছিল শুরুর পর খানপুর থেকে নেতাকর্মীরা বঙ্গবন্ধু সড়কের দিকে অগ্রসর হন। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দুই নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘পাটোয়ারী ভুয়া’, ‘এনসিপি ভুয়া’সহ নানা স্লোগান দিতে শোনা যায়। একই সঙ্গে বিএনপি ও দলের শীর্ষ নেতাদের নিয়ে কোনো ধরনের কটূক্তি বা আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।
মহানগর বিএনপির নেতাকর্মীরা বলেন, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে এনসিপির নেতাদের বক্তব্যকে তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তি বা অসম্মানজনক বক্তব্য দেওয়া হলে তার প্রতিবাদ রাজপথে করা হবে বলেও জানান তারা।

