বুধবার, ০৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপির মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২০, ৪ আগস্ট ২০২৬

খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপির মশাল মিছিল

মহানগর বিএনপির মশাল মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভার পর মশাল মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

পথসভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘মাত্র ছয় মাস আগে দেশের জনগণ তাদের স্বাধীন মতামতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। গত ১৭ বছরে ধ্বংসপ্রাপ্ত একটি দেশকে পুনর্গঠনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা করছেন।’

তিনি বলেন, দেশের পুনর্গঠনে সরকারকে সহযোগিতা করা সব জনগণ ও রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী দল, সহযোগিতার পরিবর্তে পাল্টা কুৎসা ও কটূক্তির মাধ্যমে জাতিকে বিভক্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

খোরশেদ বলেন, ‘ফ্যাসিস্টদের মাথাচাড়া দেওয়া ও ধ্বংসাত্মক কাজের দায়িত্ব বিরোধী দলকেই নিতে হবে।’ একই সঙ্গে তিনি ব্যক্তিগত আক্রমণের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। আমাদের আহ্বান থাকবে অযথা বিরোধিতা থেকে বিরত থাকুন, দেশ পুনর্গঠনে সহযোগিতা করুন।’

বক্তব্যে সাবেক এই যুবদল নেতা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে খোরশেদ বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

পথসভা শেষে সাবেক যুবদল নেতাকর্মীরা হাতে জ্বলন্ত মশাল নিয়ে শহরের প্রধান সড়কে মিছিল করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার বিচার এবং রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ হাজী শাহীন, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মনির সর্দার, মমতাজ উদ্দিন মন্তু, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আমির হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, ইকবাল হোসেন, জুয়েল রানা, তুষার আহমেদ, সুমন ভূইয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, নুরুজ্জামান, রানা মুন্সি, মো. মুসা, জুলহাস, মো. মিঠু, নুরুল্লাহ খন্দকারসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।