জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মী ও কর্মকর্তারা। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে মাসুকুল ইসলাম রাজীব বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা মানুষের অধিকার ও একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই হবে তাদের প্রতি প্রকৃত সম্মান।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রদ্ধা নিবেদনের সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

