আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, এই অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের জন্য নীরবতা পালন উচিত ছিল, জাতীয় সঙ্গীত পরিবেশন উচিত ছিল। হয়ত ভুল বশত এটা হয়েছে। পরবর্তী সময় থেকে এটা করলে ভাল হত।
বুধবার (৫ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আজ আমিসহ আমরা এখানে যারা আছি এটা সম্ভব হয়েছে জুলাই শহীদদের আত্মত্যাগের জন্য। আমরা মনে করি তারা রাষ্ট্রের, আমাদের সবার। তাদের খোঁজ খবর নেয়া আমাদের সকলের দায়িত্ব।
তিনি বলেন, আমি এই আন্দোলন থেকে উঠে আসা মানুষ। এই আন্দোলনের অবদানকে অস্বীকার করার সুযোগ নেই আমার। শহীদেরা আত্মত্যাগ করেছে কারণ তারা চেয়েছে বাংলাদেশে যেন কোন দলের পরিচয়ে যেন সন্ত্রাস চাঁদাবাজি না হয়, আমার দলের পরিচয়েও যেন না হয়। আমরা আশা করেছি এই পরিবর্তন পাব। আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে। এখন আমাদের যাত্রা বাংলাদেশ বিনির্মানের যাত্রা।
তিনি বলেন, পাঁচ আগষ্ট আমরা যখন রাস্তায় নেমেছি আমার মাথায় ছিল না আমি এমপি হবো। আমার মাথায় ছিল আর কেউ অন্যায়ের শিকার হবে না, চাঁদাবাজির শিকার হবে না। আমি শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

