ফরহাদ হোসেন আজাদ
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে খাল গুলো দখল ও ভরাট হয়ে গিয়েছে। ১৭ ই ফেব্রুয়ারি সরকার গঠন করার পরেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, যে যত শক্তিশালী হোক না কেন সরকারি নদী, নালা, খাল, বিল, জমি কেউ দখল করে রাখতে পারবে না।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, ভূলতাসহ ও বেশ কয়েকটি এলাকায় নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী শেষ প্রকল্প পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এলাকায় যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে এর প্রভাব সাধারণ মানুষের মাঝেই পড়বে। আমি দায়িত্ব নেওয়ার পরে লোক দেখানো কোনো কাজ করিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী খনন করা হবে। অনেক জায়গায় খালের উপর ইন্ডাস্ট্রিজ ঘরবাড়ি তোলা হয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করেছি।
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জ আগে ৩০ হাজার মন ধান হতো এখন ধান হয় না । বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বিগত ১৭ বছর ইচ্ছাকৃতভাবে পানিবন্দি করে রাখা হয়েছে । চেয়েছিল দখল করে রুপগঞ্জবাসী যাতে এই এলাকা ছেড়ে চলে যায় । আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমেই খাল গুলো পুনরুদ্ধার করে পানি সচল করার চেষ্টা করব।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, তারাবো পৌর বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মতিন ভুইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়াসহ আরো অনেকে।

