বিক্ষোভ মিছিল
কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।
রোববার (২৯ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে মোটরসাইকেল র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে জেলা যুবদলের উদ্যোগে একটি মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি জেলার বিভিন্ন এলাকা ঘুরে শহরের খানপুরে এসে শেষ হয়। পরে মহানগর যুবদলের নেতৃত্বে খানপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক রফিক আহমেদ ডলার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা আলমগীর কবির সেলিম এবং জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাইদুর রহমান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব শাহেদ আহমেদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

