ফাইল ছবি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্বাচল উপশহরের তনু মার্কেট এলাকায় ৩০০ ফুট সড়কে এ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
কর্মসূচিতে অংশ নিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তনু মার্কেট এলাকায় সমবেত হন। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ানসহ আরও অনেকে।
সভায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, এই রক্ত, এই আত্মত্যাগ, এই সংগ্রাম কোনো কিছুই বৃথা যেতে দেব না। অন্যায়ের কাছে মাথা নত করা নয়, বরং অধিকার আদায়ে বুক চিতিয়ে দাঁড়ানোই আমাদের পরিচয়। ইনশাআল্লাহ, বাংলার মাটিতে আমরা কখনো হার মানব না। যত বাধাই আসুক, সত্য ও ন্যায়ের পথে আমাদের যাত্রা থেমে থাকবে না।

