শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কদম রসূল সেতু নির্মাণে কোনো বাধাই ছিল না: আবুল কাউছার আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৭, ২৮ নভেম্বর ২০২৬

কদম রসূল সেতু নির্মাণে কোনো বাধাই ছিল না: আবুল কাউছার আশা

ফাইল ছবি

কদম রসূল সেতু নির্মাণে কখনোই কোনো বাধা ছিল না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা। 

তিনি বলেন, সেতুর নকশায় একটি কবরের ওপর পিলার পড়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিষয়টির খণ্ডিত অংশ প্রচার করে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করেছে।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জের নোয়াদ্দা কাইতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াদ্দা যুব সমাজের উদ্যোগে ‘ডে-নাইট ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কদম রসূল সেতু প্রসঙ্গে আবুল কাউছার আশা বলেন, সেতুটি নিয়ে কোনো বাধাই ছিল না। এখানে একটি মাজার ও কবর রয়েছে, যা নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। মাজারের স্থাপনা সরানো নিয়ে কোনো কথা ছিল না, মূলত সেতুর নকশা অনুযায়ী একটি পিলার সরাসরি কবরের ওপর পড়ছিল। তাই আলোচনা হয়েছিল যেন পিলারটি সরাসরি কবরের ওপর না পড়ে। কিন্তু পুরো ঘটনার একটি অংশ কেটে প্রচার করা হয়েছে যে, ‘স্থানীয় সংসদ সদস্য এতে বাধা দিয়েছেন’। এভাবে খণ্ডিত সংবাদ প্রকাশ করে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক।

বন্দরবাসীর প্রতি নিজের পরিবারের দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, অ্যাডভোকেট আবুল কালাম আপনাদের ভোটে চারবার নির্বাচিত সংসদ সদস্য। তার বাবা জালাল হাজীও এই আসনের সংসদ সদস্য ছিলেন। আমরা নিজেদের বন্দরের গর্বিত সন্তান মনে করি। তাই বন্দরের স্বার্থের বিপক্ষে যাওয়ার কোনো মানসিকতা আমাদের নেই। রাজনৈতিক স্বার্থান্বেষী মহল পরিস্থিতিটিকে অপব্যাখ্যা করার চেষ্টা করেছিল। অবশেষে বন্দরবাসীরই বিজয় হয়েছে সেতুও নির্মিত হবে, আবার কবরটিও সুরক্ষিত থাকবে। এটাই আমাদের প্রত্যাশা ছিল।

অনুষ্ঠানে এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে আমাদের একটি প্রবণতা আছে যা পারি তা যেমন বলি, যা সম্ভব নয় তাও বলে ফেলি। তবে বন্দরের মদনপুর-মদনগঞ্জ রেলওয়ের জায়গাটি নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাথে কথা চূড়ান্ত হয়েছে। এই সড়কটি প্রশস্ত করে নির্মাণ করা হবে এবং তা এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে।

অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।