শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শ্রমিক অসন্তোষ-নৈরাজ্য প্রতিরোধে না.গঞ্জের এমপি আজাদ সক্রিয়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫০, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৫১, ২৮ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষ-নৈরাজ্য প্রতিরোধে না.গঞ্জের এমপি আজাদ সক্রিয়

ফাইল ছবি

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের সময় রাজপথে সরাসরি উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড, ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলসহ শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাকে সরব থাকতে দেখা গেছে। শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকাই নয়, শিল্পমালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগও নিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-ভাতা, গ্রেড পরিবর্তন ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে অসন্তোষ দেখা দেয়। কয়েক দফায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতির ঘটনায় শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়। বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ বাড়ে। পরিস্থিতি বিবেচনায় সেখানে সরাসরি ছুটে যান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

এরপর আন্দোলনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত শিবু মার্কেট ও ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলেও নিয়মিত যাতায়াত করেন তিনি। শ্রমিকদের দাবিদাওয়া, অসন্তোষের কারণ এবং কারখানাগুলোর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা যেন বড় ধরনের নৈরাজ্যে রূপ না নেয়, সে বিষয়েও সতর্ক অবস্থান নেন আজাদ।

শ্রমিকদের দাবির পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ ছিল তার তৎপরতার আরেকটি দিক। নারায়ণগঞ্জের শিল্পমালিকদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে শ্রমিক অসন্তোষ নিরসনের চেষ্টা করেন তিনি।

শ্রমিক অসন্তোষের সময় আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে এমন আশঙ্কাও ছিল। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার মধ্যে ভারসাম্য তৈরির ওপর গুরুত্ব দেন আজাদ। তার সরাসরি উপস্থিতি ও বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলীয় নেতাকর্মীদের দাবি, শ্রমিক আন্দোলনের পুরো সময়জুড়ে নারায়ণগঞ্জের অন্য জনপ্রতিনিধিদের তুলনায় আজাদকে মাঠে বেশি সক্রিয় দেখা গেছে। বিশেষ করে লিংক রোড অবরোধের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় তার সরাসরি উপস্থিতি শ্রমিক ও শিল্পমালিক উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে।

আজাদের তৎপরতার ফলে আন্দোলনের মধ্যেও নারায়ণগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। পাশাপাশি শ্রমিকদের অসন্তোষকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টির যে আশঙ্কা ছিল, সেটিও বড় আকার ধারণ করেনি।