শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৫, ২৮ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-যাত্রীরা

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর বাসটিতে এ ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে চালক, সহকারীসহ বাসের সব যাত্রী দ্রুত নেমে যান। এতে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পান তারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভুলতা থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসে যাত্রীবেশে থাকা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে বাসের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়। চালক দ্রুত বাসটি সড়কের পাশে থামালে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে নিরাপদ আশ্রয়ে চলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস জানান, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে নামতে সক্ষম হন। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাশকতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।