শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কেন্দ্রের প্রায় সকল ভোটার গেলেন প্রার্থীর সঙ্গে ভোট দিতে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কেন্দ্রের প্রায় সকল ভোটার গেলেন প্রার্থীর সঙ্গে ভোট দিতে

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মুড়াপাড়া ইউনিয়নে বৃহস্পতিবার এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে তার সঙ্গে একযোগে হাজির হন কেন্দ্রের প্রায় সকল ভোটার। এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক আলোচনা।

স্থানীয় সূত্র জানায়, মুড়াপাড়া ইউনিয়ন কমিউনিটি সেন্টার (ইউপি ভবন) প্রাঙ্গণে স্থাপিত মুড়াপাড়া ভোটকেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ হাজার ২০০ জন। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকেন্দ্রের পরিবর্তে দিপু ভূঁইয়ার বাড়ির সামনে জড়ো হতে থাকেন ভোটাররা। নারী-পুরুষ, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্কদের উপস্থিতিতেও সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সকাল নয়টার কিছু আগে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে বের হলে উপস্থিত ভোটাররা তাকে স্বাগত জানান। এরপর একটি শোভাযাত্রার মতো করেই তারা সবাই একসঙ্গে মুড়াপাড়া ইউনিয়ন কমিউনিটি সেন্টারের ভোটকেন্দ্রের দিকে রওনা হন। পথে পথে স্থানীয় বাসিন্দারাও এই দৃশ্য দেখতে ভিড় করেন।

ভোটকেন্দ্রে পৌঁছে দিপু ভূঁইয়া শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্রের পরিবেশ ছিল সরব ও প্রাণবন্ত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রবাসে অবস্থানরত ও গুরুতর অসুস্থরা ছাড়া প্রায় সব ভোটারই ওই সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন।

ভোটারদের একজন বলেন, আমরা দীর্ঘদিন ধরে দিপু ভাইকে চিনি। এলাকার সুখ-দুঃখে তিনি সব সময় পাশে ছিলেন। তাই তাকে সমর্থন জানাতে সবাই একসঙ্গে ভোট দিতে এসেছি।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ভোটারদের এমন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে আবেগাপ্লুত করেছে। এটি প্রমাণ করে মানুষ পরিবর্তন চায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগে আগ্রহী।