নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান
নারায়ণগঞ্জে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে মুসল্লীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ ময়দান ও মসজিদগুলো।
শনিবার (২১ মার্চ) শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ও ৯টায় অনুষ্ঠিত হয় ঈদের দুটি প্রধান জামাত। ভোর থেকেই নানা বয়সের মানুষ নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে জড়ো হতে থাকেন।
ঈদের নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মুসল্লীদের অনেককে চোখের পানি ফেলতে দেখা যায়।
শুধু কেন্দ্রীয় ঈদগাহ নয়, জেলার পঞ্চাশটিরও বেশি ঈদগাহ ও চার হাজারের বেশি মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি স্থানেই ছিল মুসল্লীদের ব্যাপক উপস্থিতি।
ঈদের নামাজ শেষে অনেকে ছুটে যান কবরস্থানে। শহরের মাসদাইর ও পাইকপাড়া কবরস্থানে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করতে আসা স্থানীয় বাসিন্দা মো. রাশেদ বলেন, একসঙ্গে এত মানুষের সাথে ঈদের নামাজ পড়ার অনুভূতিটা অন্যরকম। নামাজ শেষে দেশের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন।
আরেক মুসল্লী আব্দুল হাকিম বলেন, ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করতে না এলে মনটা শান্তি পায় না। আজ তাদের জন্য দোয়া করেছি।
মাসদাইর কবরস্থানে আসা আক্তার বলেন, ঈদের আনন্দের মধ্যেও প্রিয়জনদের কথা খুব মনে পড়ে। তাই এখানে এসে দোয়া করলে মনে একটু শান্তি লাগে।
সার্বিকভাবে নারায়ণগঞ্জে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। প্রশাসনের পক্ষ থেকেও ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছিল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিসের গাড়ি ও এম্বুলেন্সের ব্যাবস্থাও করা হয়েছিল।

