ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের আশপাশে বসেছে ছোট পরিসরের অস্থায়ী মেলা। আর সেই মেলাকে ঘিরেই জমে উঠেছে শিশুদের আনন্দ। নামাজ শেষে ঈদগাহ প্রাঙ্গণ থেকে বেরিয়ে অনেকেই ভিড় করছেন মেলার বিভিন্ন দোকানে।
শনিবার (২১ মার্চ) সকালে ঈদের জামাত শেষ হতেই মেলার দিকে ছুটতে দেখা যায় ছোটদের।
কারও হাতে রঙিন বেলুন, কেউ খেলনা গাড়ি নিয়ে ব্যস্ত। আবার কেউ বাবার হাত ধরে পছন্দের জিনিস কিনে দেওয়ার জন্য বায়না ধরছে। পুরো এলাকা তখন যেন এক টুকরো রঙিন উৎসবে পরিণত হয়।
মেলায় বিভিন্ন ধরনের খেলনা, বাঁশি, বেলুন, ঘূর্ণি আর ছোটখাটো মিষ্টির দোকান বসেছে। ঈদের আনন্দে শিশুদের মুখে হাসি ফোটাতে অভিভাবকরাও সাধ্যমতো তাদের চাওয়া পূরণ করার চেষ্টা করছেন। অনেক বাবাকে দেখা গেছে সন্তানের হাত ধরে দোকান থেকে দোকানে ঘুরছেন ও পছন্দের খেলনা কিনে দিচ্ছেন।
জামতলা এলাকায় শান্ত জানান, ঈদের দিন তো বাচ্চাদের জন্যই। নামাজ শেষে ওরা মেলায় আসতে চায়, তাই নিয়ে আসি। ছোট ছোট জিনিস কিনে দিলে ওদের খুশিটা দেখার মতো।
মেলার এক বেলুন বিক্রেতা নবী হোসেন বলেন, ঈদের দিন বাচ্চাদের ভিড় থাকে সবচেয়ে বেশি। বেলুন, খেলনা ভালোই বিক্রি হয়। তাই সকালেই চলে আসি। নামাজ পড়ে এখানেই বসে যাই।

