ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের জন্য ঈদে বাড়ি ফেরা ছিল এক ধরনের আতঙ্কের নাম। গ্রেফতারের ভয়, কারাবন্দিত্ব, নজরদারি কিংবা প্রবাসে নির্বাসনের মতো নানা প্রতিকূলতার কারণে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেননি।
তিনি বলেন, সময়ের পরিবর্তনে এখন সেই পরিস্থিতির অবসান ঘটেছে। নেতাকর্মীরা নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরছেন এবং প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে পারছেন। এটি কোনো আকস্মিক পরিবর্তন নয়, বরং দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও নিরলস প্রচেষ্টার ফল।
মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু আরও বলেন, গণতন্ত্রের এই অগ্রযাত্রায় যাঁরা সাহস, ধৈর্য ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিত। তিনি বিশেষভাবে তাঁদের পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁরা এই দীর্ঘ সংগ্রামে নীরবে অবদান রেখেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসী, বিশেষ করে নেতাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।

