শুক্রবার, ২০ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের আগে সম্পন্ন হচ্ছেনা সড়ক সংস্কার, ঈদের পরে পূর্ণাঙ্গ কাজের আশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৮, ২০ মার্চ ২০২৬

ঈদের আগে সম্পন্ন হচ্ছেনা সড়ক সংস্কার, ঈদের পরে পূর্ণাঙ্গ কাজের আশ্বাস

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হচ্ছে না। ফলে ঈদের আগে পুরোপুরি সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় কিছু সড়কে ভোগান্তি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা। সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের পর আবারও পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করে দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।

শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন কিছু অংশ, দেওভোগ, মাসদাইর বাজার, তালাফ্যাক্টরির মোড় ও আশপাশের কয়েকটি এলাকায় সড়ক সংস্কার ও ড্রেন সংস্কারের কাজ চলছিল। তবে ঈদ ঘনিয়ে আসায় অনেক জায়গায় কাজ আপাতত সীমিত রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, সড়কে কোথাও কোথাও খোঁড়াখুঁড়ির কারণে ধুলো ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলে সমস্যা হচ্ছে।

দেওভোগ এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, কিছুদিন আগে রাস্তাটি আপাতত চলাচলের জন্য সংস্কাট করা হয়েছিল। কিন্তু পুরো কাজ শেষ হয়নি। ফলে অনেক জায়গায় রাস্তা ভাঙা অবস্থায় রয়েছে। এতে চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে।

রিকশাচালক ও ছোট যানবাহনের চালকরাও একই ধরনের অভিযোগ করছেন। তাদের মতে, সড়কের কিছু অংশে কাজ অসম্পূর্ণ থাকায় যানবাহন চালাতে সতর্ক থাকতে হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে চলমান উন্নয়ন কাজগুলো পর্যায়ক্রমে শেষ করার কথা বলা হয়েছে। চলমান ডিপ ড্রেনের কাজ শেষ হলেই সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে।