ফাইল ছবি
ঈদুল ফিতরকে সামনে রেখে টানা ছুটির সুযোগে ধীরে ধীরে ফাঁকা হতে যাচ্ছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। কর্মব্যস্ত এই শহরের বাসিন্দাদের অনেকেই ইতোমধ্যে নাড়ির টানে যাবেন গ্রামের বাড়িতে। চাঁদরাত পর্যন্ত বাস, লঞ্চ ও ট্রেন টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিমরাইল ও সাইনবোর্ড এলাকার বাসস্ট্যান্ডগুলোতে ইতোমধ্যে যাত্রীদের চাপ দেখা যাচ্ছে। বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোতে আগাম টিকিট সংগ্রহের জন্য ভিড় করছেন যাত্রীরা।
চাষাঢ়ার শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার রফিকুল ইসলাম জানান, গার্মেন্টস ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরমুখো মানুষের ভীড় বাড়বে। অগ্রিম অনেক টিকিট বিক্রি হয়ে গেছে।
অন্যদিকে লঞ্চঘাট এলাকাতেও যাত্রীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। সদরঘাট ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চে টিকিটের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন কাউন্টার সংশ্লিষ্টরা।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগের দুই–তিন দিন যাত্রী চাপ সবচেয়ে বেশি থাকবে। সে সময় নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় যাওয়ার বাসগুলোতে বাড়তি চাপ তৈরি হতে পারে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাড়তি নজরদারি রাখা হবে। ইতিমধ্যে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে নিয়মিত মনিটরিং চলবে।

