শুক্রবার, ২০ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আসছে বর্ষায় ডিপ ড্রেনের সুফলের প্রত্যাশা নগরবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৯, ২০ মার্চ ২০২৬

আসছে বর্ষায় ডিপ ড্রেনের সুফলের প্রত্যাশা নগরবাসীর

ফাইল ছবি

বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। প্রতি বছর ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হত। জলাবদ্ধতার এই দুর্ভোগ থেকে উত্তরণে নির্মাণাধীন ডিপ ড্রেন বা গভীর ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষের দিকে। আসন্ন বর্ষার মৌসুমে এই ডিপ ড্রেনের সুফল এবার পাওয়া যাবে এমনটাই প্রত্যাশা করছেন নগরবাসী।

শহরের বঙ্গবন্ধু সড়ক, কালীরবাজার, গলাচিপা ও মাসদাইর এলাকা নিয়ে গত কিছুদিন ধরে ডিপ ড্রেন নির্মাণের কাজ চলছে। মাসদাইর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক ও কালীরবাজার হয়ে শীতলক্ষ্যা নদীতে গিয়ে শেষ হবে ড্রেনটি। কোথাও নতুন ড্রেন নির্মাণের পাশাপাশি বিভিন্ন এলাকায় পুরোনো ড্রেন সংস্কারের কাজ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এসব কাজ সম্পন্ন হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে।

শহরের মাসদাইর এলাকার বাসিন্দা অর্নব জানান, বর্ষা এলেই শহরের অনেক সড়কে পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং পথচারীদের দুর্ভোগ বাড়ে। বিশেষ করে টানা বৃষ্টির সময় অনেক এলাকায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়।

দেওভোগ এলাকার বাসিন্দা আসলাম বলেন, বর্ষা এলেই আমাদের এলাকায় পানি জমে যায়। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়। নতুন করে ডিপ ড্রেনের কাজ হচ্ছে, যদি ঠিকভাবে শেষ হয় তাহলে হয়তো এবার কিছুটা স্বস্তি পাওয়া যাবে।

শহরের ব্যবসায়ীরাও একই প্রত্যাশা করছেন।  জলাবদ্ধতার কারণে অনেক সময় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ে। গত কয়েকবছর জলাবদ্ধতা প্রকাট আকার ধারণ করে, যার ফলে বঙ্গবন্ধু সড়কের দুই পাশে মার্কেট ও দোকানেও পানি ঢুকে পড়েছিল। তাই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা হলে সেটি নগরবাসীর জন্য বড় স্বস্তি হবে।

সিটি করপোরেশন জানায়, শহরের পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও কার্যকর করতে ধাপে ধাপে ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ করা হচ্ছে। বৃষ্টির সময় যাতে পানি দ্রুত সরে যেতে পারে, সেদিক বিবেচনায় রেখেই ডিপ ড্রেন নির্মাণ করা হচ্ছে।

তবে অনেক জায়গায় এখনও কাজ চলমান থাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগও রয়েছে। তাদের আশা, বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ করা হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা জলাবদ্ধতা নিরসনে ডিপ ড্রেন নির্মাণ করছি। এই ডিপ ড্রেনের কাজ এখনও চলছে। অনেক এলাকায় কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি এবারের বর্ষায় নগরবাসী এই ডিপ ড্রেনের সুবিধা পাবে।