ডিআইটি মসজিদ
নারায়ণগঞ্জে পবিত্র জুমাতুল বিদায় বৃষ্টি উপেক্ষা করে শহরের মসজিদ গুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
রমজানের শেষ জুমা ও শেষ রমজান উপলক্ষে মসজিদ গুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজের আগে শহরের বায়তুল আমান জামে মসজিদ, চাষাঢ়া নুর মসজিদ, মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদ এবং ডিআইটি মসজিদ এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দুপুর বারোটার পর থেকেই শহরের বিভিন্ন মসজিদে মুসল্লিদের আগমন শুরু হয়। জুমার নামাজের সময় ঘনিয়ে এলে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে ওঠে। এসময় মসজিদে জায়গা না পেয়ে বৃষ্টি উপেক্ষা করে অনেক মুসল্লিকে সড়কে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়।
এসময় মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক ও ফুটপাত পর্যন্ত। অনেকেই নিজের জায়নামাজ পেতে কেউ আবার কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন। এসময় বৃষ্টির কারণে ও সড়ক ভেজা থাকায় মুসল্লীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়।
ডিআইটি মসজিদে নামাজ পড়তে আসা সালমান আহমেদ জানান, আজকের জুমা এই রমজানের শেষ জুমা। তাই আজকে মানুষের ভিড় কিছুটা বেশি। অনেকে দূর-দূরান্ত থেকে আগেভাগেই মসজিদে এসেছেন নামাজ পড়তে।
শহরের মাসদাইর কবরস্থান মসজিদে নামাজ পড়তে এসে আসাদুর রহমান তুহিন জানান, রমজান মাসে জুমার দিনের তাৎপর্য একটু বেশি। আজ রমজানের শেষ জুমা। নামাজের পরে বিশেষ দোয়াও হবে। তাই এখানে এসেছি।
এছাড়াও শহরের কবরস্থান গুলোতে এদিন মুসল্লীদের ভিড় দেখা গেছে। জুমার নামাজের পরে স্বজনদের কবর জিয়ারত করতে আসেন অনেকেই।
মাসদাইর কবরস্থানে কবর জিয়ারত করতে আসা সোহেল জানান, জুমার নামাজ শেষে কবরস্থানে কবর জিয়ারত করতে এসেছি। এখানে আত্মীয় স্বজনদের অনেকের কবরই আছে।

