শুক্রবার, ২০ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তের ব্যস্ততা, বিক্রেতাদের নেই ফুরসত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৯, ২০ মার্চ ২০২৬

ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তের ব্যস্ততা, বিক্রেতাদের নেই ফুরসত

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ঈদের আর অল্প কিছুদিন বাকি থাকায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে শহরের প্রধান প্রধান মার্কেটগুলো।

শহরের মার্ক টাওয়ার, সমবায়, কালীরবাজার, আলমাস পয়েন্ট, ডিআইটি মার্কেটসহ বিভিন্ন শপিং কমপ্লেক্সে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পোশাক, জুতা, কসমেটিকস ও শিশুদের বিভিন্ন সামগ্রীর দোকানগুলোতে ক্রেতারা পছন্দের জিনিস কিনতে ভিড় করছেন।

মার্কেট ঘুরে দেখা গেছে, বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের চাপ আরও বাড়ছে। অনেকেই অফিস বা কাজ শেষ করে পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটায় বের হচ্ছেন। এতে দোকানিদের ব্যস্ততা বেড়ে গেছে কয়েকগুণ।

ডিআইটি মার্কেটের পোশাক বিক্রেতা মনির জানান, ঈদের আগে এই সময়টাতেই সবচেয়ে বেশি বিক্রি হয়। সকাল থেকে দোকান খুলে বসেছি, এখন পর্যন্ত ঠিকমতো বসারও সময় পাইনি। ক্রেতাদের ভিড়ে এক মুহূর্ত ফাঁকা পাওয়া যাচ্ছে না।

কেনাকাটা করতে আসা বিল্লাল বলেন, কাজের ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে পারিনি। তাই এখন শেষ সময়েই পরিবারের সবার জন্য পোশাক কিনতে এসেছি। মার্কেটে ভিড় অনেক, তবুও কেনাকাটা করতেই হচ্ছে।

শুধু বড় মার্কেটই নয়, শহরের ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও জমে উঠেছে বেচাকেনা। তুলনামূলক কম দামে পোশাক ও বিভিন্ন সামগ্রী পাওয়ায় অনেক ক্রেতাই ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন।

এদিকে ক্রেতাদের ভিড় সামাল দিতে অনেক দোকানে কর্মচারীর সংখ্যাও বাড়ানো হয়েছে। রাত গভীর পর্যন্ত দোকান খোলা রাখছেন ব্যবসায়ীরা। তাদের আশা, ঈদের আগের দুই-তিন দিন বেচাকেনা আরও বাড়বে।

প্রতি বছর ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই। ব্যবসায়ীদের আশা, শেষ সময়ের এই কেনাকাটায় তাদের বিক্রিও ভালো হবে।