শনিবার, ২১ মার্চ ২০২৬

|

চৈত্র ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দাদা বাবার হাতটি ধরে...

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৫, ২১ মার্চ ২০২৬

দাদা বাবার হাতটি ধরে...

ফাইল ছবি

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকাল থেকেই শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মানুষের ঢল নামে। ধনী-গরিব, ছোট-বড় সব শ্রেণি ও পেশার মানুষ একসঙ্গে কাতারে দাঁড়িয়ে আদায় করেছেন ঈদের নামাজ।

শনিবার (২১ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় ঈদগাহে বাবার কিংবা দাদার হাত ধরে ছোট ছোট শিশুদেরও ঈদগাহে আসতে দেখা গেছে। নতুন পোশাকে সেজে ওঠা এসব শিশুর চোখেমুখে ছিল ঈদের আনন্দ। কেউ বাবার হাত ধরে আছে, কেউ আবার দাদার পাশে দাঁড়িয়ে নামাজের কাতারে জায়গা নিচ্ছে। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি আর হাসি-খুশিতে মেতে ওঠে তারা।

পাঁচ বছর বয়সী মোস্তাকিম ঈদের নামাজ পড়তে এসে বলেন, আমি নতুন জামা পরেছি। দাদুর সাথে নামাজ পড়তে এসেছি। 

মোস্তাকিমের দাদা আনোয়ার হোসেন বলেন, ঈদ তো আনন্দের দিন, বিশেষ করে বাচ্চাদের জন্য। ওদের সঙ্গে নিয়ে ঈদগাহে এলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। ছোট থেকেই ধর্মীয় শিক্ষার সঙ্গে পরিচয় হওয়াটাও জরুরি।

অভিভাবকেরা জানান, সন্তানদের নিয়ে ঈদগাহে আসাটা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ।