ফাইল ছবি
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে নারায়ণগঞ্জ। কয়েকদিনের নীরবতা ও ফাঁকা শহরের চিত্র বদলে আবারও কর্মচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠছে শহর। অফিস-আদালত, ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় শহরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় সচল হতে শুরু করেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াসহ আশেপাশের এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
ঈদের সময় ছুটির সময় অনেকেই গ্রামের বাড়িতে চলে যাওয়ায় নগরীর সড়কগুলো ছিল তুলনামূলক ফাঁকা। তবে ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল ও বিকেলে দেখা যাচ্ছে যানজটের চিরচেনা দৃশ্য।
সরকারি-বেসরকারি অফিসগুলোতে কর্মীদের উপস্থিতি দেখা গেছে। প্রথম কর্মদিবসে কিছুটা কম উপস্থিতি থাকলেও ধীরে ধীরে তা স্বাভাবিক হচ্ছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও গ্রাহকদের ভিড় বাড়তে শুরু করেছে। ছুটির কারণে আটকে থাকা লেনদেন সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
নগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতেও খুলতে শুরু করেছে। ঈদের আগে কেনাকাটার চাপ থাকলেও ছুটির পর আপাতত ব্যবসা স্থবির আছে। ধীরে ধীরে ক্রেতাদের আনাগোনা বাড়ছে।
শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের কলকারখানাগুলোতেও উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে। শ্রমিকরা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে থাকায় কারখানাগুলোতে কাজের গতি বাড়ছে। তবে কিছু কারখানায় এখনো পূর্ণ উপস্থিতি ফিরে আসেনি বলে জানা গেছে।
বিসিকের গার্মেন্টস কমকর্তা হাসিবুর রহমান জানান, ঈদের ছুটি শেষে আবার ব্যস্ত জীবনে ফিরতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে সবকিছু আগের ছন্দে ফিরে আসছে। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পর কর্মস্থলে ফিরে নতুন উদ্যমে কাজ শুরু করছেন তারা।

