ফাইল ছবি
দেশের অন্যতম ব্যস্ত শিল্প নগরী নারায়ণগঞ্জ ঈদের ছুটিতে হারিয়েছে তার চিরচেনা কোলাহল। বছরের অন্যান্য সময় যেখানে কল কারখানার শব্দ, যানবাহনের চাপ আর মানুষের ভিড়ে মুখর থাকে পুরো শহর, সেখানে এখন বিরাজ করছে নীরবতা।
ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরু হতেই গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিক ও কর্মজীবী মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ছুটে গেছেন। ফলে শহরের জনসমাগম অনেকটাই কমে গেছে। এক সময়ের ব্যস্ত সড়কগুলো এখন অনেকটাই ফাঁকা। সড়কে নেই সেই চিরচেনা যানজটের চিত্র।
শহরের চাষাঢ়া মোড়, বঙ্গবন্ধু সড়ক, দুই নম্বর রেলগেট, ডিআইটি এলাকা ঘুরে দেখা গেছে একই দৃশ্য। অল্প কিছু যানবাহন চলাচল করলেও তা স্বাভাবিক সময়ের তুলনায় নগণ্য।
শহরের মার্কেটগুলো বন্ধ থাকায় মানুষের ভীড় এখন অনেক কম। বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে, কর্মচারীরাও ঈদের ছুটিতে নিজেদের বাড়িতে চলে গেছেন।
এদিকে শহরের শিল্প-কারখানাগুলোর অনেকগুলোই ছুটির কারণে বন্ধ রয়েছে। ফলে কর্মচাঞ্চল্যে ভরপুর এলাকাগুলোও এখন নিস্তব্ধ। তবে হাসপাতালসহ কিছু জরুরি সেবা ও সীমিত আকারে চালু থাকা প্রতিষ্ঠানগুলোতে স্বল্প পরিসরে কার্যক্রম চলছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফাঁকা শহরে চুরি বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে।

