ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ফতুল্লা মডেল থানা পুলিশের পরিচালিত অভিযানে দক্ষিণ সস্তাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নাজমুল (২৮) নেত্রকোনার আটপাড়া উপজেলার বাওশি গ্রামের বাবুল মিয়ার ছেলে। বর্তমানে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুলকে গাঁজাসহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইন জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

