ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ মো. রাশেদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাতে সদর উপজেলার ফতুল্লার দেওভোগ নুর মসজিদসংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। জব্দ করা ১৬টি অস্ত্রের মধ্যে বড় আকৃতির ১০টি রাম দা ও ৬টি অত্যাধুনিক চাইনিজ চাপাতি রয়েছে।
গ্রেফতার রাশেদ দেওভোগ নুর মসজিদ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী রাশেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রাশেদ পেশাদার ছিনতাইকারী। তার সম্পর্কে যাচাই করে একাধিক ছিনতাই মামলা পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণ এই অস্ত্রের সঙ্গে আর কারা জড়িত আছে এবং রাসেলের সহযোগীদের চিহ্নিত করতে জেলা পুলিশের একাধিক দল তদন্ত করছে।
গ্রেফতার ছিনতাইকারী রাশেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

