এডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা নিরাপত্তা দিতে আসিনি। কারণ বাংলাদেশের সকল মানুষই নিরাপদ। আমরা এসেছি আপনাদের আনন্দ ভাগাভাগি করে নিতে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের চিঠি দিয়ে বলেছেন আমরা যেন আপনাদের সাথে থেকে এ অনুষ্ঠানকে আনন্দপূর্ণ করে তুলি। আমরা চাই আপনাদের সকল অনুষ্ঠান, ব্যবসা আপনারা নির্বিঘ্নে করবেন।
আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে কর্মসূচি নিয়েছি যেন ধর্মীয় সমতা বজায় থাকে। আমি মাননীয় সংসদ সদস্যের সাথে কথা বলে নারায়ণগঞ্জে একটি মডেল মসজিদ ও মন্দির নির্মানের কাজ ও একটি গির্জা নির্মাণের কাজ হাতে নিয়েছি। আমরা এটা করছি উদাহরণ সৃষ্টি করতে। যেন মানুষ ধর্মীয় স্বাধীনতা পায়, নির্ভয়ে জীবনযাপন করতে পারে।
তিনি আরো বলেন, আমাদের সরকারের লক্ষ্য কোন সংখ্যালঘু যেন বৈষম্যের শিকার না হয়। আজ ১৬ জুলাই আজকের এই দিনেই আবু সাইদ নিহত হয়েছিল। চট্টগ্রামে ওয়াসিমসহ নারায়ণগঞ্জেও অনেকে এদিন শহীদ হয়েছিল।

