প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ পরিচালিত বিশেষ অভিযানে মাদকসেবী, চিহ্নিত অপরাধী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ সর্বমোট ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম নিজ নিজ অধিক্ষেত্রে এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনভর পরিচালিত এ বিশেষ অভিযানে ৫৯ জন মাদকসেবী, ৬ জন মাদক ব্যবসায়ী, ৩ জন কিশোর গ্যাং সদস্য, ১ জন ছিনতাইকারী, ২ জন ডাকাত, ওয়ারেন্টভুক্ত ২২ জন আসামি, নিয়মিত মামলার ৪ জন, অন্যান্য আইনে ৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
থানাওয়ারি অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৭ জন মাদকসেবী, ৯৫ পিস ইয়াবাসহ ১ জন ও ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানায় ১৫ জন মাদকসেবী, ৩ জন কিশোর গ্যাং সদস্য, ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের ২ জনসহ সর্বোচ্চ ২৮ জন গ্রেফতার হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২৫৮ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ৬ জন, নিয়মিত মামলার ২ জন ও নিষিদ্ধ সংগঠনের ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করে।
অন্যদিকে বন্দর থানা এলাকা থেকে ৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১ জন ও অন্যান্য আইনে ৫ জনসহ মোট ১৪ জন এবং সোনারগাঁও থানা থেকে ১৬ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ ১৩ জন মাদকসেবী, ৫০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার ১ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ ১৬ জন এবং আড়াইহাজার থানা পুলিশ ২ জন ডাকাত, ১ জন ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ১ জন আসামি সহ মোট ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান।

