ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও এখনো অপসারণ করা হয়নি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন। নির্বাচনের ফলাফল ঘোষণার দুই দিনের মাথায় বিজয়ী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য আবুল কালাম নিজ উদ্যোগে তার প্রচারণার ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেললেও অন্য প্রার্থীদের প্রচারসামগ্রী এখনো ঝুলছে শহরের বিভিন্ন স্থানে।
শহরের চাষাঢ়া মোড়, ২ নম্বর রেলগেট, বঙ্গবন্ধু সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখা গেছে বৈদ্যুতিক খুঁটি, সড়কবাতি, গাছ এমনকি সড়কের ওপর টানানো অবস্থায় রয়েছে অসংখ্য ব্যানার ও ফেস্টুন। অনেকগুলো ইতোমধ্যে ছিঁড়ে গেছে, রং ফিকে হয়ে গেছে, কোথাও কোথাও ঝুলে পড়ে পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটাচ্ছে।
নগরবাসীর অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব প্রার্থীরই উচিত ছিল তাদের প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলা। ঝুলন্ত ব্যানার বাতাসে দুলে সড়কবাতি আড়াল করছে, এতে রাতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি শহরের সৌন্দর্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দ্রুতই বিশেষ অভিযান পরিচালনা করে অবশিষ্ট ব্যানার-ফেস্টুন অপসারণ করা হবে।
একই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তারা বলছে, নির্বাচনের পর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

