রোববার, ০১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নবধারার আয়োজনে ভাষা দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নবধারার আয়োজনে ভাষা দিবস উদযাপন

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে নবধারা একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর সিটি পার্ক সংলগ্ন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে সকাল থেকে আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবধারা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সুবীর সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সামছুল আলম এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু।
এ সময় নবধারা একাডেমির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিমাদ্রি সাহা হিমু, জয় কে রায় চৌধুরী বাপ্পি ও প্রবাস সাহা উপস্থিত থেকে প্রতিযোগী শিক্ষার্থীদের উৎসাহ জোগান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম শিশু-কিশোরদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। যারা এবার সেরা হতে পারেনি, তারা যেন হতাশ না হয়। নিয়মিত চর্চা ও অধ্যবসায়ের মাধ্যমে আগামী দিনে তারাই সাফল্য অর্জন করতে পারবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মাতৃভাষার ইতিহাস জানতে হবে এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগ থেকে দেশপ্রেমের শিক্ষা নিতে হবে। ভাষার মর্যাদা রক্ষায় সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে ভাষা দিবসের এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।