রোববার, ০১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় গভীর রাতে মোটরসাইকেলে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২৬, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৩২, ১ মার্চ ২০২৬

ফতুল্লায় গভীর রাতে মোটরসাইকেলে আগুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শাহাদাত হোসেব নামের এক সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে গেছে। এ ঘটনায় একই গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারও আংশিক ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানা এলাকার হরিহর পাড়া শিষ মহল এলাকায়।

ভুক্তভোগী সাংবাদিক শাহাদাত হোসেন রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি স্ব-পরিবারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন এবং প্রতিদিনের মতো ২৮ ফেব্রুয়ারি  শনিবার রাত সাড়ে ৭টার দিকে তার ব্যবহৃত রিগ্যাল এজেএস ১৬০ সিসি (ওয়ান টেস্ট) মোটরসাইকেলটি বাসার নিচতলার গ্যারেজে রাখেন। গ্যারেজটিতে অন্যান্য ভাড়াটিয়াদের প্রাইভেট কার ও মোটরসাইকেলও রাখা ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ গ্যারেজে আগুন লাগে। চিৎকার শুনে তিনি ও অন্যান্য ভাড়াটিয়ারা নিচে নেমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গ্যারেজের বাহিরের গেইট তালাবদ্ধ অবস্থায় ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি অভিযোগে আরও জানান, ধারণা করা হচ্ছে—অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন দুর্বৃত্ত পূর্বশত্রুতার জেরে গ্যারেজের বাইরে থেকে গ্যাস বা পেট্রল নিক্ষেপ করে অগ্নিকাণ্ড ঘটায়।

অগ্নিকাণ্ডে তার মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গিয়ে আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা ক্ষতি হয়। এছাড়া একই গ্যারেজে থাকা ভাড়াটিয়া মাহফুজ আলমের সাদা রঙের একটি প্রাইভেট কার (রেজি: ঢাকা মেট্রো-গ-৩৩-২৭৫২) এর ডান পাশের সামনের অংশ পুড়ে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর দুর্বৃত্তদের নাম-ঠিকানা সংগ্রহ ও বাসা মালিকের সঙ্গে আলোচনার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান  জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।