মতবিনিময় সভা
নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর। সভায় ইটভাটা পরিচালনায় পরিবেশ সংরক্ষণ ও সংশ্লিষ্ট আইন মেনে চলার পাশাপাশি অবৈধভাবে ভাটা পরিচালনা না করার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
সভায় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। পাশাপাশি ইটভাটায় কোনো ধরনের কাঠ বা কাঠজাতীয় পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে না।
যেসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে, সেগুলোর মালিকদের ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার অন্তত এক মাস আগে নবায়নের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স এবং মাটি সংগ্রহের অনুমোদন ছাড়া কোনো ইটভাটা পরিচালনা না করার বিষয়েও সতর্ক করা হয়।
সভায় ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য কার্যক্রম আইন অনুযায়ী পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইটভাটা পরিচালনায় পরিবেশগত বিধিবিধান ও আইন লঙ্ঘন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন, ইটভাটা মালিক মো. ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল লতিফ ও মো. নজরুল ইসলাম বাবুলসহ অনেকে।

