বিদেশি এয়ার রাইফেল
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১।
বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব ১১ সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: মুহিত কবির সেরনিয়াবাত। এর আগে দুপুরে দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে র্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ আভিযানিক দল ফতুল্লার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানিক দলটি শিবু মার্কেট বাসস্ট্যান্ড থেকে আনুমানিক ১৫০ মিটার দক্ষিণে প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশে বালুর মাঠসংলগ্ন এলাকায় যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে জানায় র্যাব।
পরে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

