মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা, আটক ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে আবু নাঈম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পরমশুরদি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবু নাঈম ওই এলাকার মৃত হেকিম হাজীর ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় সন্দেহ ভাজন একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আবু নাঈম। পথিমধ্যে পরমশুরদি এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথিমধ্যে  তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। 

থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি মহিবুল্লাহ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহ ভাজন একজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।