মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ডাকাত দলের সরঞ্জাম উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে ডাকাত দলের সরঞ্জাম উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় প্রবাসী এক যাত্রীকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে একটি মাইক্রোবাস ফেলে পালিয়ে যায় ডাকাতদল। পরিত্যক্ত গাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ প্রবাসীকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এঘটনা ঘটে বলে নিশ্চিত করেন পূর্বাচল পুলিশ ক্যাম্পের  এসআই হারুনুর রশিদ।

তিনি জানান, পূর্বাচল পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় মোবাইল ফোনে খবর পান যে, রূপগঞ্জ ইউনিয়নের ৩০০ ফিট ল্যাংটা মাজার গোলচত্বর থেকে কাঞ্চনমুখী প্রায় ১০০ মিটার পূর্বে মহাসড়কে একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়েছে। বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশফেরত যাত্রী সুমনকে বহনকারী গাড়ির পেছনে একটি সিলভার রঙের হাইচ মাইক্রোবাস এসে দাঁড়ায়। ওই মাইক্রোবাস থেকে ৬ থেকে ৭ জন ব্যক্তি নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রাইভেটকার থামায় এবং জোর করে যাত্রী সুমনকে তাদের গাড়িতে তুলে নেয়।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া শুরু করলে অভিযুক্ত মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে চলন্ত অবস্থায় অপহৃত যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে রেখে দ্রুত পালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। একপর্যায়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের প্রগতি স্কুলের সামনে মাইক্রোবাসটি ফেলে ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

পরিত্যক্ত গাড়ি তল্লাশি করে একটি কালো ব্যাগ থেকে ৮টি নকল নম্বরপ্লেট উদ্ধার করা হয়। এছাড়া ২টি ওয়াকিটকি সদৃশ বেতার যন্ত্র, ৩টি দা এবং ৩টি লাঠি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসটির সামনের ও পেছনের নম্বরপ্লেটও ছিল নকল।
ঘটনায় প্রাইভেটকারের চালক মোজাহিদ খাঁ ও যাত্রী সুমন মিয়া আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।