প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আফজাল খাঁন নামে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌ-বাজার এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ভুক্তভোগী নারী (২৪) রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগী নারী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে উপজেলার যাত্রামুড়া বৌ-বাজার এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল অন্য এক যুবককে সঙ্গে নিয়ে ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন। এ সময় ভোক্তভোগী নারীর স্বামী শহিদুল ইসলাম ঘরে ঢুকলে তাকে জাপটে ধরে তার গলায় ছুরি ধরেন সেই যুবক। শব্দ করলে তার দুই সন্তানকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেন। এই সুযোগে প্রথমে ওই যুবক পরে আফজাল ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন।
অভিযোগে আরও বলা হয়, এ সময় ভুক্তভোগী নারী হাতে-পায়ে ধরলে আফজাল বলেন- তার বড় ভাই রমজান তারাব পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তারা ভুক্তভোগী নারী ও তার পরিবারকে হত্যার হুমকি দেন। তারা নারীর স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যান।
এ বিষয়ে অভিযুক্ত আবজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ ব্যাপার রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

