মহাষ্টমী পুণ্যস্নান উৎসব
নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ২১ মিনিটে শুরু হওয়া এ স্নান শেষ হবে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ২টা ৪৫ মিনিটে।
আদি ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত এ স্নানোৎসবে দেশ-বিদেশ, বিশেষ করে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে পুণ্যার্থীরা অংশ নিতে শুরু করেছেন। প্রতিবছরই লাখ লাখ পূর্ণার্থী ‘পাপ মোচনের’ আশায় ধর্মীয় মন্ত্র উচ্চারণ করে তারা স্নানে অংশ নেন।
উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুণ্যার্থীদের জন্য ২৪টি স্নানঘাট প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবা, স্বেচ্ছাসেবী ও প্রয়োজনীয় নাগরিক সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। প্রশাসনের আশা, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হবে।

