মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিয়াম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আড়াইহাজার থানার সামনে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩১, ১৪ জুলাই ২০২৬

সিয়াম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আড়াইহাজার থানার সামনে মানববন্ধন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে থানার সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে নিহতের স্বজন, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে কর্মসূচি শেষ হয়

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সিয়ামের মা লাকী আক্তার, মামা রাজিব, বন্ধু জিসানসহ অন্যরা। বক্তারা বলেন, প্রধান আসামি গ্রেপ্তার হলেও মামলার অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি মামলার তদন্ত নিরপেক্ষভাবে শেষ করে কোনো আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে, এ মামলার প্রধান আসামি মতিনকে সোমবার বিকেলে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। পরে তাঁকে আড়াইহাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, এ মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে গত শনিবার রাতে এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। 

মামলার এজাহার অনুযায়ী, গত ৮ জুলাই ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সিয়ামের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে ৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলায় দেলোয়ার হোসেন ও খাদিজা বেগমও আহত হন।

এ ঘটনায় নিহতের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।