প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁত শিল্পের উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে পাঁচটি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ তাঁত বোর্ডের আড়াইহাজার প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল ইসলাম এমপি। এসময় তিনি বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন পাঁচটি বেসিক সেন্টারের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, বস্ত্র বয়ন, টাই অ্যান্ড ডাই, ব্লক-বাটিক এবং স্ক্রিন প্রিন্টিং ও ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি, তাঁত শিল্পের আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরাফ উদ্দিন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

